নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে থানায় সোপর্দ নবনির্বাচিত এমপি
নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানা–তে হস্তান্তর করা হয়।
থানায় সোপর্দ করা ব্যক্তিরা হলেন— শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬) এবং ইব্রাহিম (ইবু) গাজীর ছেলে জনি গাজী (৩০)। এ ছাড়া একই রাতে ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামে আরও দুই যুবককে থানায় নেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।