অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার সময় দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল বলেও তিনি দাবি করেন।
শফিকুল আলম জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিদায়ের সময় যে রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই আর্থিক সক্ষমতার মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একটি তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রেখে সরকার দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছে।
মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব দাবি করেন, গত ১৮ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। এ সময়ে সরকারকে ‘ফ্যাসিস্ট কার্যক্রম’ মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো গড়ে তোলা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি অর্জন করেছে।