সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে বিএনপির দুই নেতার সব ধরনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপি রোববার (দিনগত রাত) এই সিদ্ধান্তের কথা জানায়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে জানানো হয়, বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।
পত্রে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দেওয়া, দেশীয় অস্ত্র নিয়ে মারধরে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তাঁদের সব পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।