প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম ধাপের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ গ্রহণের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
সাধারণত সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদের স্পিকার পাঠ করান। তবে গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধানের বিধান অনুযায়ী এ দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার পালন করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। এ ছাড়া আরও দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেসব আসনের চূড়ান্ত ফল এখনও প্রকাশ হয়নি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট আসনগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।