প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই দিন বিকেলে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে জনমনে আগ্রহ দেখা দিয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর বেতন, ভাতা ও রাষ্ট্রীয় প্রিভিলেজ নির্ধারিত রয়েছে।
‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী প্রধানমন্ত্রী মাসিক ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া মাসিক ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারিত রয়েছে। যদিও প্রচলিতভাবে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনেই অবস্থান করেন।
আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ভাতা নির্ধারিত আছে ৩ হাজার টাকা। সরকারি দায়িত্ব পালনের সময় বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ সুবিধা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর অধীনে দেড় কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ থাকে।
প্রধানমন্ত্রীর বিনোদনসংক্রান্ত ব্যয় নির্ধারিত বিধি অনুযায়ী ভাতা হিসেবে পরিশোধ করা হয়। অফিস থেকে বাসভবন এবং বাসভবন থেকে অফিসে যাতায়াতের সব ব্যয় সরকার বহন করে।
এ ছাড়া প্রধানমন্ত্রী ও তার পরিবারের নির্দিষ্ট ব্যয় ভাতা হিসেবে পাওয়ার বিধান রয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিল রাষ্ট্রীয় কোষাগার থেকে পরিশোধ করা হয়।