রমজান শুরুর আগেই রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে ইফতার ও সেহরির জন্য ব্যবহৃত পেঁয়াজ, মুরগি, মাংস ও দেশি মাছসহ বিভিন্ন পণ্যের দাম এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজারভেদে এসব পণ্যের দাম গড়ে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গতকাল কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প কাঁচাবাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া ও ইব্রাহিম কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, একই পণ্যের দামে বাজারভেদে ভিন্নতা রয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা এমএস মাতৃভান্ডারের স্বত্বাধিকারী সজিব শেখ বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পাইকারি বাজারে দেশি পেঁয়াজ এখন কেজি প্রতি ৫৩ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৪২ থেকে ৪৬ টাকা। অন্যদিকে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায়। গত সপ্তাহে তা ছিল ৫০ থেকে ৬০ টাকা।
রমজান সামনে রেখে মুরগির চাহিদা বাড়ায় দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা। ফার্মগেটের সড়কপাশের কাঁচাবাজারে সোনালি মুরগি কেজি প্রতি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই মুরগি গত সপ্তাহে ৩০০ টাকা কেজিতে পাওয়া গেছে বলে জানান ক্রেতা মিলন হোসেন। ব্রয়লার মুরগির দামও বেড়েছে। গত সপ্তাহে ১৮০ টাকা কেজিতে পাওয়া গেলেও গতকাল তা কিনতে হয়েছে ২০০ টাকা কেজিতে।
ফার্মগেটের মুরগি বিক্রেতা হানিফ মিয়া বলেন, প্রতিবছর রমজানে মুরগির চাহিদা বাড়ে এবং সে অনুযায়ী দামও বাড়ে। তিনি জানান, বেশি দামে কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। কারওয়ান বাজারের খাসির মাংস বিক্রেতা মোহাম্মদ জালাল বলেন, খাসির মাংস এখন কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে তা ছিল ১ হাজার ২৫০ টাকা। তিনি দাবি করেন, চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।
গরুর মাংসের দামও কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প কাঁচাবাজারের ‘শাকিল মাংস বিতান’-এর মালিক মোহাম্মদ শাকিল বলেন, চাহিদা বেশি থাকায় দুই সপ্তাহের ব্যবধানে প্রতিটি গরুর দাম ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ফলে গরুর মাংসের দামও বাড়াতে হয়েছে। তিনি জানান, আগে ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করলেও এখন বিক্রি করছেন ৮০০ টাকা কেজিতে।
এদিকে ইফতারসামগ্রী হিসেবে ব্যবহৃত লেবু, কাঁচামরিচ, টমেটো, শসা, বেগুন ও ধনেপাতার দামও বেড়েছে। বাজারে এক হালি লেবু ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ১০০ টাকা। কাঁচামরিচ কেজি প্রতি ১৮০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। আগে তা ছিল ১৪০ থেকে ১৮০ টাকা।
টমেটো কেজি প্রতি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৬০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে তা ছিল ৬০ থেকে ৮০ টাকা। শসা ও ধনেপাতার দামও কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে বাজারে দেখা গেছে।