দলীয় স্লোগান দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ের সামনে তারা জড়ো হন।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে প্রায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ওই সময় নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন সেখানে কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এই প্রথমবারের মতো জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।