স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের খালি পদগুলোতে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান।
মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আমরা এসব পদে নির্বাচনের ব্যবস্থা করব। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অতি দ্রুত।
এলজিআরডি মন্ত্রী দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও ব্যাংক খাতের অবস্থার উন্নতি সম্পর্কে আশ্বাস দেন। তিনি বলেন, আপনারা যতটা খারাপভাবে দেখছেন, বাস্তবে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আইনশৃঙ্খলা আগের তুলনায় উন্নত হয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটাই ফিরে এসেছে, ব্যাংক খাতও নিয়ন্ত্রণে এসেছে। সমন্বিত প্রচেষ্টায় এসব আরও উন্নত করা সম্ভব।
সরকারের আওতায় আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত কখন জানানো হবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি রাজনৈতিকভাবে সরকারের আলোচনা শেষে জানানো হবে।