রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব অফিসে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময় দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় পৃথক সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিরতির সময়ও লেনদেন চালু রাখা যাবে।
রমজানে আর্থিক প্রতিষ্ঠানগুলোও রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ ক্ষেত্রেও দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
অন্যদিকে রমজান মাসে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালতের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।