সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। জানা গেছে, মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতায় থাকাকালীন এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি জমা দেন।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ছাড়াও প্রায় ২০ জন উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার কর্মকর্তা ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে কয়েকজন এখনো তা হস্তান্তর করেননি। তাঁদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নামও রয়েছে।
সরকারের এক কর্মকর্তা জানান, কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে। তবে যাঁরা এখনো পাসপোর্ট জমা দেননি, তাঁদের পরবর্তীতে অবশ্যই তা হস্তান্তর করতে হবে। মেয়াদ শেষে পাসপোর্ট নবায়ন করতে গেলে এ সুবিধা আর থাকবে না বলেও জানান তিনি।
পাসপোর্ট জমা দেওয়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাণিজ্য ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং ডাক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। দায়িত্ব হস্তান্তরের পর সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পাসপোর্ট হস্তান্তর করেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে।