নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রকাশের পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে থাকলেও, নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী পে-স্কেল কার্যকর করার বিষয়ে সরাসরি কিছু জানাননি। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) একটি গণমাধ্যমকে বলেন, সুপারিশগুলো আগে দেখার পরই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া যাবে।
অর্থমন্ত্রী বলেন, "আমাদের দেখতে হবে মোট এমাউন্ট কত, এবং কতটুকু বাস্তবায়ন সম্ভব। বর্তমান আর্থিক পরিস্থিতি, যেখানে ট্যাক্স রেভিনিউ ও ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, সেই সবকিছু বিবেচনা করে আমরা পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেবো।"
এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছিলেন, নির্বাচনে জয়লাভ করলে পে-স্কেল যথাসময়ে ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।
জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। কমিশন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পুরো বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।