প্রাথমিকভাবে দেশের পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করেই করতে হবে। কোনোভাবেই মব তৈরি করে বা চাপ প্রয়োগ করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না।
তিনি বলেন, বাসসে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা তিনি শুনেছেন এবং ঘটনাটি দুঃখজনক।
স্বপন আরও বলেন, বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সাংবাদিকের চাকরি গেলে সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।
এ সময় পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তিনি জানান, হতদরিদ্র পরিবার সবার আগে ফ্যামিলি কার্ড পাবে, এরপর পর্যায়ক্রমে দরিদ্র পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ টাকা দেওয়া হবে। কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র পরিবার এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।