মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি ও সম্ভাব্য সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে বিশেষ বৈঠক করেছেন সরকারের নীতিনির্ধারকরা।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার একটি সাত সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
এই কমিটির দায়িত্ব হলো আন্তর্জাতিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কৌশল প্রণয়ন করা। কমিটি গঠনের দিনই অর্থ মন্ত্রণালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আরও বিস্তৃত পরিসরে। যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে এবং তা মোকাবিলার কৌশল নির্ধারণে কাজ করছে।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। পরে তিনি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আজ মন্ত্রিপরিষদের সভাও অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তবে এ সপ্তাহে বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় নির্ধারিত বৈঠকটি আগেই আয়োজন করা হয়েছে।