দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে এই সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বুধবার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ। বৈঠকে জানানো হয়, সরকারের ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা প্রদান এবং ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যেই ‘ফ্রি ওয়াই-ফাই’ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর নির্দেশনা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় ইউজিসির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।