মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। মাত্র ৪০ মিনিটের ব্যবধানে চার দফায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ইসরায়েলের গণমাধ্যম সূত্রে নিশ্চিত করা হয়েছে, বৃহত্তর তেল আবিব অঞ্চলে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত মঙ্গলবারও তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
চলমান এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।