চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে গেছে পাওয়ার কারসহ পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বগি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ট্রেনটি পোর্ট লিংক গেট অতিক্রম করার সময় একটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন। সঙ্গে সঙ্গে বিষয়টি গেটম্যানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে ট্রেনটি থামিয়ে আগুন লাগা দুটি বগি দ্রুত বিচ্ছিন্ন করা হয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) সেনাসদস্যরা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা করেন। সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে, ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ট্রেনের পাওয়ার কার বগি থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।