মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে ভোর ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ঢাকায় ফিরে তিনি জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানান।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।