ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোল্লারগঞ্জ এলাকায় একটি ছাগলের খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ টি ছাগল জ্যান্ত পুড়ে মারা গেছে। শনিবার দিবাগত গভীর রাতে সংঘটিত এই ঘটনায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ-এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে খামারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো খামারে। ভেতরে থাকা ছাগলগুলো বের হওয়ার সুযোগ না পেয়ে আগুনে পুড়ে মারা যায়।
সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল কয়েকটি গর্ভবতী ছাগলের মৃত্যু। আগুনের তাপে দগ্ধ হওয়ার সময় গর্ভের ছাগলছানাও প্রাণ হারায়। এই মর্মান্তিক দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন।
আরো জানা গেছে, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে খামারটি প্রস্তুত করা হচ্ছিল। খামার মালিক দীর্ঘদিন ধরে ছাগল লালন পালন করছিলেন। আগুনে তার লক্ষ লক্ষ টাকার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খামার মালিক বলেন, এক নিমিষেই সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে খামার গড়েছিলাম, এখন আমি পুরোপুরি নিঃস্ব।
ঘটনার পর এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, যারা অবলা প্রাণীদের এভাবে পুড়িয়ে মারতে পারে, তারা সমাজের জন্য মারাত্মক হুমকি।
এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্ত করে জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খামারিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।