সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রোববার এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য আমরা মিটার চার্জ পুরোপুরি তুলে দিচ্ছি।’
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হতো। বহু গ্রাহক এই চার্জ বছরব্যাপী প্রদান করলেও প্রশ্ন তুলেছেন, মিটারের প্রকৃত দাম বহু আগেই আদায় হয়ে গেছে, কেন আবার বাড়তি টাকা নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বে মিটার ক্রয়ের অস্বচ্ছতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণে এই বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হতো। বর্তমান সরকার গ্রাহকদের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।