রাজনীতি থেকে খেলোয়াড়দের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্রীড়াকে স্বচ্ছ ও পেশাদার রাখতে খেলোয়াড়দের রাজনীতির বাইরে থাকা প্রয়োজন।
সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দেশে ক্রীড়াকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করা হবে। অনুষ্ঠানে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনার কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। এসব ক্রীড়াবিদ বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে সম্মাননাও পাবেন। সরকার পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।