জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অভিযান জোরদার করেছে সরকার। চলতি মাসের ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। উপস্থাপিত তথ্যে জানানো হয়, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রল রয়েছে।
অভিযান পরিচালনার সময় অবৈধ মজুদ ও অনিয়মের অভিযোগে মোট ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় সংশ্লিষ্টদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে জড়িতদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি সূত্র জানায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।