অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
একই দিনে সিআইডি-এর উপপরিদর্শক মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দায়িত্বে থাকাকালীন তদবির বাণিজ্য, টেন্ডার অনিয়ম ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, অর্জিত অর্থ অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় তিনি যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হয়।
তদন্তের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চকে নির্দেশ দেন আদালত। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।