ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে তিনি এ ভাষণ দেবেন, যেখানে ইরান পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য তুলে ধরা হবে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ইরান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে প্রেসিডেন্ট রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার পথও খোলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রথমদিকে ট্রাম্প প্রশাসন কয়েক সপ্তাহের মধ্যেই এই সংঘাতের অবসান ঘটানোর আশাবাদ ব্যক্ত করলেও এক মাস পেরিয়ে গেলেও যুদ্ধের ইতি টানার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে বিশ্লেষকদের অভিমত।