ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা শেষে ‘জুলাই সনদ’ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা।
এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশনের প্রথম দিনেও রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে সংসদ থেকে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা। এরপর এটিই প্রথমবার, কোনো নির্দিষ্ট ইস্যুতে প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট করলেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি। সংসদে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। তাদের সঙ্গে নির্বাচনি সমঝোতায় থাকা ১১ দলীয় জোটের কয়েকটি দলও সংসদে প্রতিনিধিত্ব করছে।
জোটভুক্ত দলগুলোর মধ্যে রয়েছে তরুণ নেতৃত্বাধীন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আরও কয়েকটি দল। এবারের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট উল্লেখযোগ্যসংখ্যক আসনে জয়লাভ করে সংসদে শক্ত অবস্থান তৈরি করেছে। সংসদের ভেতরে এ ধরনের প্রতিবাদ ও ওয়াকআউটের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিষয়টি ভবিষ্যৎ সংসদীয় কার্যক্রমে কী প্রভাব ফেলে, তা নিয়ে রাজনৈতিক মহলে নজর রয়েছে।