সরকারি অফিসে সপ্তাহে তিন দিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা বা চিঠি জারি করা হয়নি।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।