গণভোটের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার (০৩ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে ১১ দলের বৈঠকের সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে বুধবার (০১ এপ্রিল) সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় সংক্রান্ত সরকারি দলের কর্মকাণ্ড আমাদের বিস্মিত, আহত ও মর্মাহত করেছে।” সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বিরোধী দল ওয়াকআউট করেছে। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ না জারি হওয়া এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা চেম্বার ত্যাগ করেন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্পিকারকে বলেন, “আমরা প্রতিকার চেয়েছিলাম। বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধীদল সবাই একমত ছিলাম; আমরা এর পক্ষে কথা বলেছি, প্রচারণা করেছি। প্রতিকার না পাওয়ায় আমরা এবং দেশের মানুষ আমাদের রায়ের প্রতিফলন ও মূল্যায়ন দেখতে পাইনি। এই কারণে আমরা আমাদের প্রতিবাদ স্বরূপ সংসদ ছেড়ে যাচ্ছি।”