আজ বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদের অধিবেশন বসছে। দিনের কার্যসূচি অনুযায়ী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এদিন প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা হবে।
অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা করার কথা রয়েছে। তবে অধিবেশনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এ বিষয়ে আলোচনা চেয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন।
এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন না করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। কমিটির মতে, গণভোটসহ প্রায় ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে পাস না করার পক্ষে মত দেওয়া হয়েছে।
অনুমোদন না পাওয়ার তালিকায় জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধনসংক্রান্ত অধ্যাদেশও রয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সংসদ অধিবেশনে এসব ইস্যু নিয়ে বিস্তর আলোচনা ও মতবিরোধের সম্ভাবনা রয়েছে।