দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় পরীক্ষামূলকভাবে কর্মসূচি চালু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল রোববার ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় এ কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। মন্ত্রী আরও জানান, ৩ মে থেকে দেশের অন্যান্য জেলা ও উপজেলাতেও ধাপে ধাপে টিকাদান কার্যক্রম চালানো হবে, যাতে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনা যায়।
তিনি বলেন, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে এবং পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটি জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।