মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, অনলাইন-অফলাইন ক্লাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই সপ্তাহের মধ্যে নেয়া হবে। আগামী দুই-একদিনের মধ্যে শিক্ষামন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবে। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এর আগে ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ৫ এপ্রিল।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। তবে জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালানোর প্রস্তাব এসেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সপ্তাহে এক দিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছিল। কিন্তু এখনো চূড়ান্ত নির্দেশনা দেয়ার আগে কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।
মন্ত্রী এ সময় বলেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল-সংক্রান্ত আলাদা নির্দেশনা শিক্ষামন্ত্রণালয় রোববার থেকে প্রদান শুরু করবে।