জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবি সংক্রান্ত অভিযোগ তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে কমিটির ডাকেও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত হননি। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, “কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, তিনি আসেননি।”
জবাবে আসিফ মাহমুদ সজীব জানান, তিনি কেন সাক্ষাৎকারে সাড়া দেননি। তিনি বলেন, “প্রথমত, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূতভাবে তার উপর তদন্ত করছে। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সব সিদ্ধান্ত পূর্বনির্ধারিত। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করায় আদালত অবমাননার আশঙ্কা ছিল। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ডের ডিরেক্টরদের পরবর্তী বোর্ডে পদ পাওয়ার প্রলোভনে রাজি না হলে পদত্যাগ করাচ্ছেন। বিসিবি পরিচালকদের মধ্যে ইতোমধ্যে ৭ জন পদত্যাগ করেছেন। এটি বোর্ড ভাঙার প্রলোভনের ফলাফল বলে আমি মনে করি।”
তিনি আরও বলেন, “আমাকে যাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল, তাদের বিচারাধীন বিষয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে তদন্ত করার যোগ্যতা রয়েছে কিনা জানতে চেয়েছিলাম। তবে কোনো সদুত্তর পাইনি। আদালত অবমাননার আশঙ্কায় আমি সাড়া দেইনি। আমি নিয়মবহির্ভূত ও আদালত অবমাননার মতো কাজে যুক্ত হতে চাই না।”
আসিফ মাহমুদ এই মন্তব্যগুলো রবিবার (৫ এপ্রিল) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশ করেছেন।