বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস-কে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে গেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ভুয়া বলে জানিয়েছে অনুসন্ধানকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
সংস্থাটির অনুসন্ধানে বলা হয়েছে, সম্প্রতি প্রচারিত ছবিটি প্রকৃত নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেশের কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। ছবিটি বিশ্লেষণে একাধিক অসঙ্গতিও শনাক্ত করা হয়েছে। বিশেষ করে মুখাবয়বের গঠন ও পারস্পরিক ভঙ্গিমায় অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে।
পরবর্তীতে ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি কিনা তা যাচাই করতে গুগলের শনাক্তকরণ পদ্ধতি ‘SynthID’ ব্যবহার করা হয়। বিশ্লেষণে দেখা যায়, ছবিটির পুরো বা আংশিক অংশ এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া গেছে, মির্জা আব্বাসকে দেখতে নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে গেছেন—এ দাবিতে প্রচারিত ছবিটি প্রকৃত নয়, বরং প্রযুক্তিনির্ভরভাবে তৈরি একটি বিভ্রান্তিকর উপাদান।
উল্লেখ্য, অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস।