প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।
রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমে প্রচার ও সরবরাহের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দলীয় মুখপাত্র হিসেবেও কাজ করেন।
পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন তিনি। ২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং পরবর্তীতে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবেও কাজ করেন।
অন্যদিকে, প্রেস সচিব ছালেহ শিবলী গণমাধ্যম অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। তিনি ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন। সরকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতার কারণে উভয়কেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।