ট্রাম্পকে অপসারণের দাবি পুনর্ব্যক্ত, ডেমোক্র্যাটদের অবস্থান অপরিবর্তিত
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ক্ষমতা থেকে সরানোর দাবি আবারও সামনে এনেছেন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সাম্প্রতিক পরিস্থিতি ও বক্তব্যকে কেন্দ্র করে তিনি অভিশংসনের আহ্বান জানিয়েছেন।
ওকাসিও-কর্তেজ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং প্রেসিডেন্টের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার মতে, সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির মৌলিক পরিবর্তন আনেনি। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প একটি পোস্টে ইরানকে লক্ষ্য করে কঠোর ভাষায় মন্তব্য করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য কূটনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে।
দেশের অভ্যন্তরেও প্রেসিডেন্টের বিভিন্ন নীতি ও ব্যয়সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে বৈদেশিক সংঘাতে বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি অর্থনীতির ওপর প্রভাব ফেলছে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া তার শাসন পদ্ধতি ও কিছু আইনগত উদ্যোগ নিয়েও ভিন্নমত দেখা গেছে। সম্প্রতি ‘নো কিংস’ নামে একটি আন্দোলনে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা সরকারের নীতির প্রতি অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ উনার এক উদ্ধৃতিতে বললেন
“আমরা আর বিশ্ব ও দেশের স্বার্থকে ঝুঁকিতে ফেলতে পারি না, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি বিবেচনা করা উচিত”
ডেমোক্র্যাট নেতাদের এই অবস্থান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও তাদের অবস্থান অপরিবর্তিত থাকায় বিষয়টি আগামী দিনে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।