সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক পরিবর্তনের সূচনা হয়েছে। জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাস হওয়ায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখন আইনগত ভিত্তি পেয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি অনুমোদিত হয়। এর ফলে আগে জারি করা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে আইনি কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হলো। এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ওই অধ্যাদেশটি সংশোধন করে আইন হিসেবে পাসের জন্য সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতেই বিলটি সংসদে উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন পায়। বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হওয়ার ফলে সংশ্লিষ্ট দলের কার্যক্রম শুধু নিষিদ্ধ থাকবেই না, বরং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। নতুন এই আইনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এর বাস্তব প্রয়োগ এবং রাজনৈতিক প্রভাব কীভাবে প্রতিফলিত হবে, তা এখন পর্যবেক্ষণের বিষয়।