শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া, চালু হচ্ছে হাইব্রিড ক্লাস
বৈশ্বিক জ্বালানি সংকট, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনাকালের অভিজ্ঞতার আলোকে আবারও অনলাইন ক্লাস চালুর পাশাপাশি অফলাইন শিক্ষার সঙ্গে সমন্বয় করে ‘ব্লেন্ডেড’ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি চালু করা হচ্ছে না। প্রাথমিকভাবে সক্ষমতা বিবেচনায় নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে নিয়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড পদ্ধতির ক্লাস কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ-সহ কয়েকটি প্রতিষ্ঠানে এটি চালু করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন শিক্ষা কার্যক্রম চলবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ করবে এবং বাকি তিন দিন অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অপরদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস চলবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে। এছাড়া শিক্ষকরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনলাইন ও অফলাইন—উভয় ধরনের ক্লাস পরিচালনা করবেন বলে জানানো হয়েছে। যেসব প্রতিষ্ঠান এই পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুত, সেখানেই পর্যায়ক্রমে এটি চালু করা হবে।