মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানিয়েছেন, স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানোর বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রোববার (১২ এপ্রিল) তিন দিনের মালয়েশিয়া সফর শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।
মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট ভেঙে শ্রমিকদের জন্য অভিবাসন প্রক্রিয়া সহজ ও ব্যয়সাশ্রয়ী করতে মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজারকে কীভাবে আরও কার্যকর ও সহজ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বিষয়েও আলাপ হয়েছে।
মুখপাত্র বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কিছু নির্দিষ্ট আইন ও নীতিমালা রয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রযোজ্য। তবে বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানানো হয়েছে। কারণ, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। তিনি জানান, বাংলাদেশ সরকারের প্রস্তাবগুলো মালয়েশিয়া সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।