ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে-এ সময় কোনো পণ্যের দাম যেন না বাড়ে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সরবরাহ, আমদানি ও মজুত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রস্তাবটি পর্যালোচনা করে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।