বগুড়ায় সিটি কর্পোরেশন উদ্বোধন
একদিনের সরকারি সফরে আগামী ২০ এপ্রিল বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলা জুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
সফরসূচি অনুযায়ী, সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন তিনি। সেখানে পৌঁছে বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি। একই দিন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পেরও সূচনা করবেন। দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক ভিটায় কিছু সময় কাটানোর কথা রয়েছে তার।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতির পর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এ জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।