বৈশাখের আগমনী আবহে নিজেকে রাঙালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যালেন্ডারের হিসেবে এখনো চৈত্র শেষ না হলেও তার আগেই নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে ঘরোয়া আয়োজনে মেতে উঠেছেন এই তারকা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে বর্ণিল পরিবেশে বৈশাখী উৎসবের আমেজ তৈরি করেছেন তিনি। লাল-সাদা শাড়ি, ঐতিহ্যবাহী গয়না ও বাঙালিয়ানার ছোঁয়ায় সজ্জিত হয়ে নিজেকে উপস্থাপন করেন মেহজাবীন। তার সঙ্গে একই আয়োজনে অংশ নেন তার ছোট বোন মাইলাইকা চৌধুরীও।
ঘরোয়া এই আয়োজনের পটভূমিতে ছিল বৈশাখী সাজসজ্জা-রঙিন সূর্য, কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো স্থান, যেখানে লেখা ছিল ‘শুভ নববর্ষ ১৪৩৩’। শুধু সাজসজ্জাই নয়, খাবারের আয়োজনেও ছিল বাঙালিয়ানা। মাটির বাসনে পরিবেশন করা হয় ইলিশ ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা ও দেশীয় ঐতিহ্যবাহী পদ। এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থাও ছিল। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলা দেখা যায়, যা দিয়ে গান পরিবেশনের ইঙ্গিত পাওয়া যায়।
এছাড়া একটি ভিডিওতেও বৈশাখী সাজে ধরা দেন মেহজাবীন। লাল পাড় সাদা শাড়ি, লাল চুড়ি ও পাথরের চোকারে সজ্জিত হয়ে তিনি নাচ ও ভঙ্গিমার মাধ্যমে নিজের সাজ ও আনন্দঘন মুহূর্ত ভক্তদের সামনে তুলে ধরেন। তার প্রাণবন্ত উপস্থিতি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
এদিকে তার সাম্প্রতিক কাজ ক্যাকটাস দর্শক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। শিহাব শাহীন পরিচালিত এ ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান, সালাহউদ্দিন লাভলু ও আরেফিন জিলানীসহ আরও অনেকে।