ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা ও মানসিক জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি শৈশবের পারিবারিক পরিস্থিতি এবং তার প্রভাব নিয়ে স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন।
নোরা জানান, ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অভিজ্ঞতা তার মনে পুরুষদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করেছিল। তবে তিনি বিষয়টি অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের সীমাবদ্ধতা হিসেবেই দেখছেন। তিনি বলেন, শৈশবের এই অভাববোধ থেকে তার মধ্যে ‘অ্যাবানডনমেন্ট ইস্যু’ বা একাকিত্বের ভয় তৈরি হয়। ফলে অনেক সময় অস্বাস্থ্যকর সম্পর্ক থেকেও বেরিয়ে আসতে পারেননি। তার মতে, একা হয়ে যাওয়ার ভয় মানুষকে ভুল সিদ্ধান্তে ঠেলে দিতে পারে।
নোরা আরও বলেন, সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হলে আগে নিজের ভেতরের সমস্যাগুলো চিহ্নিত করা জরুরি। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা উচিত নয়। পারিবারিক মূল্যবোধ ও আধুনিক জীবনের চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে একসময় মানসিক চাপে ভুগেছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত চাওয়া ও পারিবারিক প্রত্যাশার দ্বন্দ্বে নিজের সত্তা হারিয়ে ফেলা ঠিক নয়।
কঠিন সময়ে তার মায়ের ভূমিকার কথা উল্লেখ করে নোরা বলেন, তার মা-ই ছিলেন সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। বর্তমানেও নিজের মানসিক জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, নিজেকে সময় দেওয়া, নিজের দুর্বলতা বোঝা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ।