বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা প্রদান শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এপ্রিল ২০২৬ মাসের ভাতার চেক পাঠিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাবেন। ইতোমধ্যে অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর থেকে নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।
বর্তমানে দেশের ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন। দাখিল থেকে কামিল পর্যন্ত সকল স্তরের মাদ্রাসা এতে অন্তর্ভুক্ত রয়েছে।