লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান–কে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি একটি চড়ুইভাতি (পিকনিক) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত চলায় ইউএনও শামিমা আক্তার জাহান একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করে বিষয়টি জানতে চান।
ফোনালাপে মেহেরবান মিঠু জানান, একাডেমির একজন সদস্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এ সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল, যার কারণে অনুষ্ঠান শেষ হতে দেরি হচ্ছিল। এ সময় তিনি ‘আপু’ সম্বোধন করলে ইউএনও ক্ষুব্ধ হন বলে অভিযোগ ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপের একটি অংশে ইউএনওকে বলতে শোনা যায়,
“আমি আপনার আপু নই—ফর ইউর কাইন্ড ইনফরমেশন। অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না।”
এ ঘটনায় আয়োজক পক্ষ দ্রুত অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং দুঃখ প্রকাশ করে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলেন, ‘আপু’ একটি সম্মানসূচক ও ভদ্র সম্বোধন, এতে আপত্তির সুযোগ নেই। আবার কেউ প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মকর্তাদের প্রটোকলের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
রয়েল ফুটবল একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠু বলেন, “বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে আপু বলেছিলাম। এতে তিনি ক্ষুব্ধ হবেন ভাবিনি।”
অন্যদিকে ইউএনও শামিমা আক্তার জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, “আপু বলার কারণে আমি রাগ করিনি। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলছিল, তাই বন্ধ করতে বলেছি। বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।”
ঘটনাটি প্রশাসনিক আচরণ, সামাজিক সম্বোধন এবং সরকারি কর্মকর্তাদের প্রটোকল নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।