ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ নিচ্ছে। যদিও শুরুতে ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হয়েছিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলে সীমিত হয়ে পড়ে। তবে শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেন।
বক্তব্যে তিনি বলেন, ‘আজ গোটা জাতি দুটি ধারায় বিভক্ত। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন—১০ দল। আমি আগাম ঘোষণা দিচ্ছি, শনিবার আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।’ তবে তিনি বক্তৃতায় স্পষ্ট করে কোন দলটি যুক্ত হচ্ছে, তা উল্লেখ করেননি।
পরে জানা যায়, মোস্তাফিজুর রহমান ইরান–এর নেতৃত্বাধীন লেবার পার্টিই জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে।
উল্লেখ্য, বিএনপির যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন ধরে লেবার পার্টি ছিল দলটির মিত্র। তবে আসন্ন নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সঙ্গ ছাড়ার কথা জানায় দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধছে।