দেশে এই প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন ও সামরিক (ডিফেন্স) ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই এলাকায় এই দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।
সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চৌধুরী আশিক বিন হারুন বলেন, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন এবং মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন করা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মিরসরাই এলাকায় আগে যে ইন্ডিয়ান ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল, সেটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে সেখানে সামরিক শিল্পভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “আপনারা জানেন, বর্তমানে আমাদের কোন কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো। সেই দেশগুলো থেকেই আগ্রহ দেখা যাচ্ছে। চুক্তির বিষয়টি যখন একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাবে, তখন সরকার আনুষ্ঠানিকভাবে তা জানাবে।”
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এলাকাতেই এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বেজা গভর্নিং বোর্ডের ওই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।