আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান নাটকে নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত শনিবার বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পায় স্কটল্যান্ড।
তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপে বাংলাদেশের ফেরার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সম্ভাবনার চাবিকাঠি এখন পাকিস্তানের হাতে। হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশকে টুর্নামেন্টে ফেরানোর প্রথম সুযোগ দেবে আইসিসি।
প্রতিবেদনে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবির সঙ্গে সঙ্গতি রেখে দলটি সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এতে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করাও তুলনামূলকভাবে সহজ হবে।”
এ অবস্থায় পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—সে সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিশ্বকাপে খেলা নিয়ে নিজেদের অবস্থান আরও সতর্কভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অন্যদিকে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন সিদ্ধান্ত নিলে শুধু টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকেই নয়, ভবিষ্যতের এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের এই টানাপোড়েন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সিদ্ধান্তই এখন নির্ধারণ করে দেবে—বিশ্বকাপে বাংলাদেশের অধ্যায় পুরোপুরি শেষ, নাকি নাটকীয় প্রত্যাবর্তনের নতুন সুযোগ।