বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদ (৩৭) এবং তাঁর স্ত্রী জান্নাত আক্তারকে (৩০) আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, বগুড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সাজ্জাদকে আটক করে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার বাড়িতে থাকা জার্মানির তৈরি ৯ মিলিমিটার পিস্তলটি পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটির অবস্থান সম্পর্কে তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
এ সময় একটি ম্যাগাজিন ও তিনটি দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়।
আটক দুজনকে রাতেই শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।