মাইগ্রেনের ব্যথার কারণে আগের রাতে ঘুমিয়ে পড়ায় সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হওয়া বিতর্ক সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেননি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা! আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে—স্কুলে পাঠালাম। চাকরি আছে—সেখানে যাওয়ার জন্য রেডি হবো।”
তিনি আরও লেখেন, “তার আগে আজকের দিনের রান্না, ঘরের কাজ গুছাবো। এরপর গিয়ে ফেসবুক নিয়ে বসবো—কে কী বললেন, কেন বললেন এসব চর্চা করতে। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন।”
শেহরীন আমিন ভূঁইয়ার এই মন্তব্য আসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল এবং সেখান থেকে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।
এ ঘটনায় দলটির পক্ষ থেকে নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ওই বিবৃতিতে হ্যাকিংয়ের ঘটনার নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।