নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুড়িগ্রাম–১ আসনের (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী আনোয়ারুল ইসলামকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শিশু ও শিক্ষার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার অভিযোগে এ নোটিশ জারি করা হয়।
কুড়িগ্রাম–১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সিভিল জজ মুহাম্মদ আয়াজ রোববার জামায়াতের ওই প্রার্থীকে শোকজ নোটিশ প্রদান করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ‘কুড়িগ্রাম–১ দাঁড়িপাল্লা’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিষয়টি দ্রুত আলোচনার সৃষ্টি করলে তা নির্বাচন প্রশাসনের নজরে আসে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, শিশু ও শিক্ষার্থীদের কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সশরীরে উপস্থিত হয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে হবে।
জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।