বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অতীতের পচা রাজনীতি অনুসরণ করার জন্য ২৪-এ যুবকরা লড়াই করে নাই। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে, ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আমরা দেশের সব ধর্মকে ফুলের বাগানের মতো সাজাবো। অতীতের কাঁসুন্দির রাজনীতি শেষ। এসব কথা জনগণ এখন আর শুনতে চায় না। ওই কথাগুলো শুনিয়ে শুনিয়ে যারা জনগণকে ঘুম পাড়িয়ে রেখেছিল এবং জনগণের কপাল লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না।’
তিনি আরও বলেন, ‘কোনো মামা-খালুর লাল টেলিফোনে বা কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমার কপাল যেন চোরাবালিতে হারিয়ে না যায়। আমার যোগ্যতা ও মেধা অনুযায়ী কাজ আমার হাতে তুলে দিতে হবে—এই দাবিতেই ২৪-এ যুবকরা রাস্তায় নেমেছিল।’
যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের কথা দিচ্ছি, আমরা প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরে পরিণত করবো। তোমাদের হাতে বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেবো, ইনশাআল্লাহ। তোমরাই দেশ গড়বে, তোমরাই দেশ চালাবে।’
তিনি বলেন, ‘সেদিন তোমরা গর্ব করে বলতে পারবে—আমিই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত?’