রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল দাসের (৩৫) পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন।
এর আগে গত বছরের ৯ আগস্ট রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার সায়ার ইউনিয়নের বটতলা বুড়িরহাট এলাকায় গণপিটুনিতে নিহত হন উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া গ্রামের প্রদীপ লাল দাস (৩৫)। সম্পর্কে তারা আত্মীয়। রূপলাল দাস স্থানীয় বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রদীপ লাল দাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
‘একের পর এক গণপিটুনি, ১০ দিনে নিহত ৯’ শিরোনামে গত বছরের ১২ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পর ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আসে। এসব প্রতিবেদন সংযুক্ত করে নিহতদের পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) গত বছর হাইকোর্টে রিটটি দায়ের করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আসকের আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।
রুলের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী শাহীনুজ্জামান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।